শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

প্রবাস

মালয়েশিয়ায় এবার ৩৭৭ বাংলাদেশি আটক

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১১:০০:২০

170
  • সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক রাতেই ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি বলে জানা গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ার পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে বিশেষ অভিযান চালিয়ে এই অবৈধ অভিবাসীকে আটক করা হয়। খবর নিউ স্ট্রেইট টাইমস। 

আটকদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিনই আমাদের অভিযান পরিচালিত হয়। অভিযোগ ছিল, এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রস্থল। বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহারসহ বিভিন্ন কারণে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ অভিযানে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। অভিযানকালে মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়; এদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন।

বাসরি বলেন, অভিযানের সময় কয়েকজন প্রবাসী দোকানে লুকানোর চেষ্টা করেন এবং কেউ কেউ ছাদে উঠে যায়। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়েন।

অভিযানে একটি অবৈধ জুয়ার কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়।

আটকদের সবাইকে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে, যেন নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশিকর্মী কোটা মেনে চলেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers