বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

প্রবাস

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজজি ডেস্ক ৮ জানুয়ারি , ২০২৬, ১১:৪০:৫৯

225
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাইয়ে ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীর সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ (জেআইএমএনএস)। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানা। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর নিউ স্ট্রেইট টাইমস। 

জেআইএমএনএসের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানিয়েছেন, সেরেম্বান ও নিলাই এলাকায় মোট ১৩টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৩৯৫ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়, যাদের মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ২৬ জন বাংলাদেশি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন নারী, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী এবং ২৬ জন ভারতীয় পুরুষ। মোট গ্রেপ্তারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান উৎপাদনকারী কারখানা থেকেই আটক করা হয়েছে বলে জানান তিনি।

কেনিথ তান আরও জানান, অভিযানের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং নিরাপত্তা বাহিনী সব প্রবেশ ও বহির্গমন পথ সুরক্ষিত রাখায় কেউ পালিয়ে যেতে পারেনি। জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার অভিবাসীদের বিরুদ্ধে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াসহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক সকলকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে নেগ্রি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন