রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজজি ডেস্ক ২৪ এপ্রিল , ২০২৬, ১২:৩২:৩৪

47
  • সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মোজাহিদ মিল্লাত নামে (২২) এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরবেলায় কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে মদ্যপ অবস্থায় বিপরীত দিক থেকে আসা এক সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারান। এই ঘটনায় নিহতের স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে ফিরছিলেন এই দম্পতি। তারা একটি অ্যাপভিত্তিক গাড়ি ব্যবহার করছিলেন। কুয়ালালামপুরের সালাক সেলাতান এলাকা থেকে জালান তুন রাজাকগামী সড়কে গাড়িটি চলার সময় হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ৩১ বছর বয়সী এক মালয়েশিয়ান সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ে ভুল পথে হাইওয়েতে প্রবেশ করেন। এরপর তিনি সজোরে এসে ধাক্কা দেন বাংলাদেশি দম্পতির বহনকারী গাড়িটিকে। ধাক্কার তীব্রতা এতটাই প্রবল ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোজাহিদ মিল্লাত মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ওই সেনা কর্মকর্তাকে আটক করে। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। অ্যালকোহল টেস্টেও তার শরীরে মাত্রাতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪৪ এক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই আইনের আওতায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিহত মোজাহিদের মরদেহ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে দুজন কর্মকর্তাকে হাসপাতালে পাঠিয়েছেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেজন্য দূতাবাস সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করার জন্য এম আই ক্যাস্কেড নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইকমিশন সূত্রে জানা গেছে, সব আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিকে গুরুতর আহত স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers