শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

নিউজজি ডেস্ক ৭ জুলাই , ২০২৬, ১৩:০৬:৪৯

62
  • সংগৃহীত

ঢাকা: লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

প্রত্যাবাসিতরা বুরাক এয়ারের ফ্লাইট নম্বর ইউযেড-এ করে সোমবার (৭ জুলাই) ভোর ৫টায় ঢাকায় অবতরণ করেছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিতদের মধ্যে ১১১ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার এবং ৬৩ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত প্রত্যাবাসনের আগে অভিবাসীদের প্রি-ডিপার্চার ব্রিফিং দেন। তিনি তাদের অভিজ্ঞতার কথা শোনেন এবং দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান।

তিনি বলেন, অনিয়মিত অভিবাসনের কারণে অনেক মানুষ আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হন। তাই এ ধরনের অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এবং লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে লিবিয়া সরকার, আইওএম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে।

২০১১ সালে লিবিয়ায় বিদ্রোহ শুরুর পর থেকে দেশটি উত্তর আফ্রিকায় অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। সংঘাত, সহিংসতা ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা শত শত হাজার মানুষ, বিশেষ করে সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা, লিবিয়া হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।

এই যাত্রাপথে অনেকেই মরুভূমি অতিক্রম করে বা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টা চালায়। ফলে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। সূত্র:  ইনফোমাইগ্রেন্টস।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers