শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

প্রবাস

মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের সঞ্চয়

নিউজজি ডেস্ক ২২ অক্টোবর , ২০২৬, ১১:২৩:৩৮

137
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে সাম্প্রতিক সহিংসতা ও লুটপাটের ঘটনায় ধ্বংস হয়ে গেছে বাংলাদেশি ব্যবসায়ী হাসানের দীর্ঘ ১০ বছরের পরিশ্রমে গড়ে তোলা প্রতিষ্ঠান। রিপাবলিক চত্বরের কাছে একটি প্রধান সড়কে অবস্থিত তার প্রযুক্তিপণ্য ও কুরিয়ার সেবার দোকানটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দাঙ্গাকারীরা। সব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিন সন্তানের জনক হাসান। তার ভাষ্য, শনিবারের ওই ঘটনার পর টানা তিন দিনেও চোখের পাতা এক করতে পারেননি তিনি।

ফ্রান্সের সংবাদমাধ্যম ইউরোনিউজকে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে হাসান বলেন, হামলাকারীরা তার ওপর শারীরিক আক্রমণ চালায়। এমনকি মাথায় মদের বোতল ভেঙে মারারও হুমকি দেয় তারা। প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি।

২০১০ সালে বাংলাদেশ থেকে ফ্রান্সে যান হাসান। সেখানে আতিথেয়তা খাতে দীর্ঘদিন কাজ করে উপার্জিত অর্থ সঞ্চয় করেন তিনি। সেই সঞ্চয় থেকে ২০১৬ সালে এক সহযোগীকে নিয়ে চালু করেন প্রযুক্তিপণ্য ও কুরিয়ার সেবার দোকানটি। ধীরে ধীরে নিজের শ্রম ও অর্থ বিনিয়োগ করে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলেন।

দোকানটির বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে হাসান বলেন, প্রায় ১০ বছর ধরে ধাপে ধাপে পরিশ্রম করে তারা প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন। একসময় যে জায়গাটি ছিল তার কর্মস্থল ও স্বপ্নের ঠিকানা, এখন সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। ভয়াবহ ওই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হাসান ঘুমাতেও পারছেন না।

বর্তমানে ইন্স্যুরেন্স কোম্পানির পরিদর্শনের অপেক্ষায় থাকায় ধ্বংসস্তূপ সরিয়ে পরিষ্কার করার সুযোগও পাচ্ছেন না হাসান। ভাঙা মোবাইল ফোন, পার্সেলের খালি বাক্স আর কাঁচের টুকরোয় ছেয়ে আছে দোকানের মেঝে। ব্যবসা বন্ধ থাকলেও দোকান ভাড়া, বিভিন্ন বিল এবং কর্মচারীদের বেতন চালিয়ে যাওয়ার মানসিক ও আর্থিক চাপ বহন করতে হচ্ছে তাকে।

১৭ অক্টোবরের সহিংসতায় প্যারিসের যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসানের দোকানটি তারই একটিতে অবস্থিত। সেদিন অধিকাংশ বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিলেও, একপর্যায়ে তা সহিংসতার রূপ নেয়। লুণ্ঠনকারীরা ছোট-বড় অসংখ্য প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

ঘটনার বিশদ বর্ণনা দিয়ে হাসান জানান, ফরাসি কর্তৃপক্ষের পরামর্শ মেনে তিনি শনিবার বিকেলে দোকানটি তালাবন্ধ করে বাড়ি ফিরে যান। কিন্তু কয়েক ঘণ্টা পর মুঠোফোনে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখে তিনি স্তব্ধ হয়ে যান।

হাসান বলেন, আমি দেখতে পাই প্রায় ৩০ জন লোক দোকানের ভেতরে ঢুকে পড়েছে। আমি ভেবে পাচ্ছিলাম না, এটা কীভাবে সম্ভব?

তিনি সাথে সাথে দোকানের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু সহিংসতা ও দাঙ্গার তীব্রতার কারণে পুলিশ প্রথমে তাকে নিরাপত্তা বেষ্টনী পার হতে দিতে অস্বীকার করে। পরবর্তীতে পুলিশের কাছে আকুতি জানিয়ে মোবাইলে সরাসরি দোকানের ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখালে তারা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। তবে ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না এবং তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন।

ইউরোরানিউজের সংগৃহীত ভিডিও ফুটেজে দেখা গেছে, পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনের মধ্য দিয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা দোকানে ভাঙচুর চালাচ্ছে। আশেপাশের বাসিন্দারা তাদের থামানোর অনুনয়-বিনয় করলেও নিজের নিরাপত্তার ভয়ে খুব বেশি কিছু করতে পারেননি। লুণ্ঠনকারীদের চিত্র তুলে ধরে হাসান বলেন, সেখানে কম বয়সী তরুণ-তরুণীদের এক অদ্ভুত মিশ্রণ ছিল। কয়েকজনকে দেখে মনে হচ্ছিল তাদের বয়স বড়জোর ১৫ বছর। তারা স্রোতের মতো আসছিল; এক দল চুরি শেষ করে বের হতেই নতুন আরেক দল ঢুকে পড়ছিল।"

লুটপাটকারীরা দোকানের ভেতর থেকে ফোন, প্রযুক্তিসামগ্রী এবং ডেলিভারির জন্য আসা পার্সেল চুরি করে নিয়ে যায়। অনেকে বাইরে দাঁড়িয়ে ছিল, আর ভেতরের ভাঙা ফ্রন্ট দিয়ে একে অপরের হাতে মালামাল তুলে দিচ্ছিল। এমনকি মাটির নিচের স্টোররুমটিতেও চালানো হয় ব্যাপক তাণ্ডব।

প্যারিসের সাধারণ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা এই ধ্বংসযজ্ঞে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক চুরি হওয়া প্যাকেজের দায়িত্বে থাকা স্থানীয় এক কুরিয়ার কর্মী বলেন, আমরা শুধু সততার সাথে কাজ করে জীবিকা নির্বাহ করতে চাই। অথচ অন্যেরা সব কিছু ধ্বংস করে দিতে চায়।

হাসানের দোকানের ঠিক বিপরীতে ফ্রান্সের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন 'ইন্টারমার্শে'র একটি আউটলেটও সপ্তাহান্তে লুটপাটের পর থেকে বন্ধ রয়েছে। কর্মীরা কয়েক দিন ধরে সেখানে ভাঙা কাঁচ পরিষ্কার করা ও তাকগুলোতে নতুন করে পণ্য সাজানোর কাজ করছেন।

এই কঠিন সময়ে হাসানের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। নোয়াম নামের এক স্থানীয় কর্মী হাসানের সহায়তায় একটি ফান্ডরাইজিং বা অনুদান তোলার পেজ তৈরি করেছেন, যেখানে ইতিপূর্বে হাজার হাজার ইউরো জমা হয়েছে। নোয়াম বলেন, আমরা হাসানকে চিনি কারণ তিনি নিয়মিত আমাদের ডেলিভারি ও অন্যান্য কাজে সাহায্য করেন। তিনি এমন একজন মানুষ যার সাথে আমরা কাজ করতে অভ্যস্ত। যদিও সামনে বিশাল কাজ পড়ে আছে, তবুও আমরা সামাজিক মেলবন্ধনের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি। সূত্র: ইউরো নিউজ

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers