শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

প্রবাস

৯ মাসে কম্বোডিয়া থেকে ৩ হাজার বাংলাদেশি বহিষ্কার

নিউজজি ডেস্ক ২৮ অক্টোবর , ২০২৬, ১২:১৪:০৩

119
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার বিরুদ্ধে চলমান অভিযানে ২০২৬ সালের প্রথম নয় মাসে ৩ হাজারের বেশি বাংলাদেশিসহ ৮৭টি দেশের মোট ৫২ হাজার ৩৯ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। কম্বোডিয়াভিত্তিক সংবাদমাধ্যম বিটিভি নিউজ গ্লোবাল গত ২৭ অক্টোবর দেশটির অভিবাসন বিভাগের সরকারি প্রতিবেদনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩ হাজার ১০৪টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আটক বিদেশি নাগরিকদের পরে বহিষ্কার করা হয়। গত বছরের একই সময়ের তুলনায় এবার বহিষ্কারের সংখ্যা বেড়েছে ৪১ হাজার ৬৮৫ জন। অর্থাৎ, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৪০০ শতাংশেরও বেশি।

বহিষ্কৃত বিদেশি নাগরিকদের মধ্যে প্রায় ২৩ হাজার জন চীনের, ৮ হাজারের বেশি ইন্দোনেশিয়ার, ৪ হাজারের বেশি ভিয়েতনামের এবং ৩ হাজারের বেশি বাংলাদেশের নাগরিক। এ ছাড়া আড়াই হাজারের বেশি পাকিস্তানি, প্রায় ২ হাজার মিয়ানমারের এবং দেড় হাজারের বেশি থাই নাগরিককেও দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে ৩৮টি দেশের ১৮ হাজারের বেশি বিদেশি নাগরিক সরাসরি অনলাইন প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে শনাক্ত করা হয়েছে। তবে বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন মানবপাচারের শিকার হয়ে এসব কর্মকাণ্ডে বাধ্য হয়েছেন, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও সুরক্ষায় কাজ করা অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন মনে করে, বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন মানবপাচার ও জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার, তা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। পাচারের শিকার ব্যক্তিদের যথাযথ যাচাই ছাড়াই অভিযুক্ত বা স্ক্যামার হিসেবে চিহ্নিত না করে তাদের ভুক্তভোগী হিসেবে শনাক্তকরণ ও সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রের উদ্যোগ নেয়া প্রয়োজন।

সংগঠনটি আরও মনে করে, কম্বোডিয়া থেকে বহিষ্কৃত কতজন বাংলাদেশি ইতিমধ্যে দেশে ফিরেছেন এবং কতজন এখনো সেখানে আটকে আছেন, তার সঠিক তালিকা তৈরি করতে হবে। কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দেশে ফেরত আসা ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বহিষ্কৃত বাংলাদেশিরা যাতে দালালচক্রের প্রলোভনে পড়ে কম্বোডিয়া থেকে অন্য কোনো দেশে অবৈধভাবে প্রবেশ করে পুনরায় মানবপাচারের শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন এছাড়াও মানবপাচারকারী চক্রের সদস্য চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers