সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

দেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে ২৫ কি.মি. যানজট, যাত্রীদের দুর্ভোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১১ জুলাই, ২০২৫, ১৭:২৭:০৭

618
  • ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে ২৫ কি.মি. যানজট, যাত্রীদের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া: টানা কয়েকদিনের বৃষ্টি ও উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতি এবং দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্ট হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) সকালে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড হয়ে বিজয়নগর রামপুর এলাকা পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। এ অবস্থায় যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

স্থানীয় বাসিন্দা, গাড়ির চালক ও হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কে ফোরলেন নির্মাণকাজের জন্য সড়ক সরু হয়ে গেছে। পাশাপাশি আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকায় তৈরি হয়েছে বড় বড় অসংখ্য গর্ত। এ গর্তের কারণে ধীরগতিতে চলছে পণ্যবাহী গাড়ি। কখনও সেগুলো গর্তে আটকে গিয়ে বিকল হয়ে পড়ছে। ফলে যানজট বাড়ছে। এসব জায়গায় যান চলাচলের গতি নামিয়ে আনতে হচ্ছে ঘণ্টায় ১ থেকে ৫ কিলোমিটারে। 

অন্যদিকে, আশুগঞ্জ থেকে ঢাকামুখী লেনে ভৈরব সেতু পর্যন্তও যানজট ছড়িয়ে পড়েছে। সেতুর ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য বাস, ট্রাক ও প্রাইভেটকার। অনেক যাত্রী রাত থেকে সকাল পর্যন্ত যানবাহনের মধ্যেই আটকে ছিলেন।

ঢাকা থেকে আসা হাসিবুর রহমান নামে এক ট্যুরগাইড জানান, ট্যুরিস্টদের একটি দল নিয়ে সিলেটে যাচ্ছেন তিনি। গতকাল রাত ৩টার দিকে আশুগঞ্জ পৌঁছানোর পর যানজটের কবলে পড়েন তারা। বেলা ১১টার দিকে সরাইল-বিশ্বরোড মোড়ে এসে পৌঁছান৷ এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  মামুনুর রহমান বলেন, আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ের চারপাশে তিন ফুটের বেশি গভীর গর্ত সৃষ্টি হয়েছে। যেখানে গাড়ি এসে ৭০ কিলোমিটার গতি থেকে কমে পাঁচ কিলোমিটারে নামতে বাধ্য হচ্ছে। একটি ট্রাককে একটি মোড় পার হতে লাগছে প্রায় ২০ মিনিট। তবুও আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers