বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

সাভারে সাবেক এমপি'র প্রভাব খাটিয়ে জমি দখলের পাঁয়তারা

সাভার প্রতিনিধি ৯ অক্টোবর, ২০২৫, ২০:৪৯:৫৫

6K
  • দখলকৃত জমি ও ভুক্তভোগী মোহাম্মদ আলী। ছবি: নিউজিজি।

সাভার: সাভারের আশুলিয়ায় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর‌ পৈত্রিক মালিকানার জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মতিউর রহমান (৬২) ও কামরুন্নাহার (৬৫) নামের দুই ব্যক্তিদের বিরুদ্ধে।

অভিযুক্ত মতিউর রহমান ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সহ পরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর আত্মীয় ও কামরুন্নাহার তার সম্পর্কে চাচি। এই ভূমিদস্যুদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, জিরাবো সাকিনস্থ জিরাব মৌজার আরএস ৩১ দাগের ০৫ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে ভোগ দখল‌ করে আসছিলেন মোহাম্মদ আলী। বিআরএস রেকর্ড ও খাজনা খারিজও তার নামে সম্পন্ন করা। তবে বিবাদী মতিউর রহমান ও কামরুন্নাহার গং সেই জমি দখলের পায়তারা করছিলেন। গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বিবাদীরা ৭/৮ জন সন্ত্রাসী সহ লাঠিসোটা, হাতুড়ি, হেমার ও দেশীয় অস্ত্র নিয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে নির্মাণ কাজ শুরু করে।

এ সময় জমির মালিক মোহাম্মদ আলী তাদের বাধা দিতে এগিয়ে আসলে হামলা চালায় সন্ত্রাসীরা। করা হয় ব্যাপক মারধর। এ ঘটনায় কোন আইনের আশ্রয় নিলে হত্যার হুমকিও দেয় তারা। এরপর থেকে উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে ভূমিদস্য চক্রটি।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, আমি নিজেও একজন বিএনপি সমর্থক। কিন্তু বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুর আত্মীয়-স্বজন এসে আমার সম্পত্তি গায়ের জোরে দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে। সালাউদ্দিন বাবুর ভয়ে কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। আমার জীবন এখন হুমকির মুখে। কোন মুহূর্তে আমি সহ আমার পরিবারের উপর বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে সালাউদ্দিন বাবুর লোকজন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। আপাতত ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত ও জমির কাগজ যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

অভিযুক্ত মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানা থেকে আমাকে কিছু বলা হয়নি। তবে কামরুন্নাহার ম্যাডাম জমির কাগজ নিয়ে মোহাম্মদ আলীকে দেখা করতে বললেও তিনি আসেননি।

তবে এই ভূমিদস্যুদের সাথে আত্মীয়তা কিংবা সখ্য’র বিষয়ে জানতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, দেওয়ান সালাউদ্দিন বাবু একজন ঝুট সন্ত্রাসী। তিনি ও তার পরিবারের লোকজন গার্মেন্টসগুলো দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ভূমিদস্যুতা, দখলদারি আর তার অনুসারীদের বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন এমন বিতর্কিত কাউকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া না হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসা জোরপূর্বক দখল, চাঁদাবাজি, লুটপাট, জমি দখল'সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সমর্থক বিএনপি'র নেতাকর্মীরা।

এছাড়াও বিএনপি’র সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে তার এক অনুসারীকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা সাজিয়ে চরম বিতর্কের মুখে পড়েন বিএনপি নেতা সালাউদ্দিন বাবু। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা সংস্থা ও বিএনপি’র উর্ধ্বতন মহলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers