মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

মতলব উত্তরে বিকাশ প্রতারণায় এজেন্টের ৬৩ হাজার টাকা হাতিয়ে নিলো চক্র

চাঁদপুর প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৭:১৫:৩৬

115
  • মতলব উত্তরে বিকাশ প্রতারণায় এজেন্টের ৬৩ হাজার টাকা হাতিয়ে নিলো চক্র

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ঠাকুরচর এলাকায় ছানাউল্লাহ সরকার নামের এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬৩ হাজার টাকারও বেশি হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,  ৫ নভেম্বর দুপুরে ঠাকুরচর সাকিনে নিজের বাড়িতে অবস্থানকালে বিকাশ ডিএসও পরিচয়ে এক ব্যক্তি ছানাউল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিকাশ ডিস্ট্রিবিউশন ম্যানেজার এবং কল সেন্টারের কর্মী পরিচয়ে আরও দুজন ফোন করে তার বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কথা বলে।

তারা ফোনে জানান, তার বিকাশ এজেন্ট আইডি সাময়িকভাবে ব্লক করা হয়েছে এবং আইডি সচল রাখতে হলে ক্যাশ ইন করতে হবে। এ সময় ছানাউল্লাহ সরকারের সন্দেহ হলে তিনি বিকাশ ডিএসও মেহেদী নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। মেহেদী তাকে আশ্বস্ত করেন, স্যার যেমন বলেছে, তেমনই কাজ করুন। এরপর তিনি বিশ্বাস করে নিজের বিকাশ এজেন্ট একাউন্টে ২৯ হাজার ৬০০ টাকা ক্যাশ ইন করেন।

কিন্তু এরপরও আইডি সচল না হওয়ায় ছানাউল্লাহ বিকাশ অফিসে যোগাযোগ করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তার এজেন্ট একাউন্ট থেকে চার ধাপে মোট ৬৩ হাজার ৪০৫ টাকা তুলে নেয়া হয়েছে। এর মধ্যে একটি নম্বর ০১৬০৪৭৫৬৭৯৯ তে তিন ধাপে ৩৩ হাজার ৮২৫ টাকা এবং অন্যটি ০১৮৯৭২১৫৬৫৯ তে এক ধাপে ২৯ হাজার ৫৮০ টাকা পাঠানো হয়। ভুক্তভোগী ছানাউল্লাহ সরকার বিকাশ অফিসে লিখিত অভিযোগ (নং ৩০০৫২৬০৬) করেন এবং পরবর্তীতে থানায় এসে আইনি সহায়তা চান।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি প্রতারণামূলক। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রতারকদের সনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বিকাশসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতারণা রোধে গ্রাহকদের সচেতন থাকতে হবে। কেউ কোনো ওটিপি বা পিন নম্বর ফোনে জানাবেন না।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers