বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর, ২০২৫, ১৭:৫১:২৮

208
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভোলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা। এ সময় বালু উত্তোলনকারীদের ছররা গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশের ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. শাজাহান মীর, মো. আলী মৃধা ও মো. অপূর্ব। তাদের মধ্যে শাহজাহানের পিঠে, মো. আলীর গালে ও অপূর্বের মাথার পেছনে ছররা গুলির আঘাত লেগেছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা জানায়, বেশ কয়েকদিন ধরে কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়রা বারবার বাধা দিলেও তারা মানেনি। পরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শতাধিক মানুষ ২টি ট্রলার নিয়ে ওই ড্রেজারের কাছে গিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়। পরে স্পিডবোট নিয়ে ৬–৭ জন সন্ত্রাসী অস্ত্রসহ এসে তাদের ওপর ছররা গুলি বর্ষণ করেন। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়।

পরে তারা আহতদের নিয়ে তীরে ফিরে এলে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ও গুলি করা সন্ত্রাসীরা ভোলার একাধিক মামলার আসামি জামাল উদ্দিন সকেটের লোক। জামাল উদ্দিন সকেটের নির্দেশে এভাবে গুলি করা হয়েছে বলেও তাদের অভিযোগ।

এদিকে অভিযুক্ত জামাল উদ্দিন সকেট অভিযোগ অস্বীকার করে জানান, তারা কোনো অবৈধভাবে বালু উত্তোলন করছেন না। যেখানে গোলাগুলি হয়েছে সেখানে তার কোনো লোক বালু কাটছেন না। আর গুলি করা কেউ তার লোক নয়। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ৩ জন ছররা গুলিবিদ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা আশঙ্কামুক্ত।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে তারা ফোনে জানিয়েছেন অভিযোগ করবেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers