বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

দেশ

লক্ষ্মীপুর-৪ আসন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ, সেচ্ছাসেবকদলের সতর্কবার্তা

লক্ষ্মীপুর প্রতিনিধি ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০:১৮

245
  • ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনকে কেন্দ্র করে জেলা সেচ্ছাসেবকদল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, প্রার্থী চূড়ান্ত না হওয়ায় কিছু ব্যক্তি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে শ্লোগান দিয়ে জনমনে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাড. মহসীন কবির স্বপন বলেন, মনোনয়ন ঘোষণার আগে কোনো প্রতীকভিত্তিক প্রচারণা চালানো দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সাংগঠনিক নিয়মবহির্ভূত। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেয়ার তাগিদ দেন।

তিনি আরো বলেন, দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করব। জোট থেকে দেয়া হলেও তার জন্য কাজ করা হবে। এরপরও কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে দলীয় সিদ্ধান্তক্রমে বহিষ্কার করা হবে।

এদিকে জানা গেছে, দুইবারের সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানও নিয়মিত সভা সমাবেশ করছেন এবং ধারে ধারে ভোটারদের কাছে যাচ্ছেন। একটি অনুষ্ঠানে তিনি বলেন, দল যদি তাকে মনোনয়ন না দেয় তবে জনগণ চাইলে তিনি স্বতন্ত্রভাবে ভোটে অংশ নেবেন।

লক্ষ্মীপুর-৪ আসনটি জোটভুক্ত হওয়ায় মাঠে সক্রিয় রয়েছে জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব সম্প্রতি এলাকায় গণসংযোগ ও স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ জোরদার করেছেন।

প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন জেলা জামায়েতের সেক্রেটারি ও সংসদ সদস্য প্রার্থী এ আর হাফিজ উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা খালেদ সাইফুল্লাহ।

উল্লেখ্য, সেচ্ছাসেবকদলের আগে গতকাল ৭ ডিসেম্বর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড হাছিবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও নেতা কর্মীদের সতর্ক করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন