বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

নিউজজি ডেস্ক ১৩ জানুয়ারি, ২০২৬, ২৩:৩৩:১৪

112
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ময়মনসিংহে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। আহত রাসেল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তারা এবং হাতকড়াসহ আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় গুরুতর আহত পাঁচ পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও টহল দেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরিফুলের বাবা সাগর আলীকে আটক করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি আরিফুল ইসলামকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers