বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ নারীসহ নিহত ৭

মাদারীপুর প্রতিনিধি ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩:৩৪

124
  • ছবি : নিউজজি

মাদারীপুর: সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৭ জন নিহত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘটকচর এলাকায় ‘সার্বিক পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এই ঘটনায় ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে বাসের নিচে চলে যায় এবং রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের ৩ যাত্রীসহ মোট ৬ জন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭ জনে। নিহতদের মধ্যে ৫ জনই নারী।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। এদের মধ্যে কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি ও কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর বেপারী। বাকি নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযানে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, রেকার দিয়ে বাসটি উপরে তোলা হয়েছে। পানির নিচে থাকা ইজিবাইকটিতে আর কেউ আটকে আছে কি না তা জানতে আমাদের ডুবুরি দল ডোবাটিতে তল্লাশি চালাচ্ছে। তল্লাশি শেষ হলে নিশ্চিত হওয়া যাবে আর কোনো মরদেহ আছে কি না।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও উদ্ধারকারী দল সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন