বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

জামায়াত নেতার নির্দেশে সিল জালিয়াতির স্বীকারোক্তি প্রেসমালিকের

নিউজজি ডেস্ক ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৯:০৮

85
  • জামায়াত নেতার নির্দেশে সিল জালিয়াতির স্বীকারোক্তি প্রেসমালিকের

ঢাকা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক সোহেল রানা (৪০)স্বীকারোক্তি দিয়েছেন। জবানবন্দিতে তিনি এক জামায়াত নেতার নির্দেশে এ কাজ করেছেন বলে জানিয়েছেন।

সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী। মঙ্গলবার বিকেলে শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি ভোটের সিল তৈরির নির্দেশদাতার নাম প্রকাশ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ স্বীকারোক্তি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, জামায়াতে ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন। গত ৩০ জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ। এরপর তিনি সিলগুলো বানান।

স্বীকারোক্তিতে উল্লেখ করা সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সেক্রেটারি। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে সৌরভ হোসেনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

জানতে চাইলে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই আমরা সৌরভকে দল থেকে বহিষ্কার করেছি। তিনি ভোটারদের ‘ভোট দেওয়া’ শেখানোর জন্য নাকি সিলগুলো তৈরি করেছেন। তবে এটা দায়িত্বহীন কাজ। এ ছাড়া যার দোকান থেকে সিল উদ্ধার হয়েছে, তিনি আমাদের দলের কেউ নন।

এদিকে ভোটের সিলসহ সোহেল রানাকে গ্রেপ্তারের পর ওই দিনই উদ্বেগ প্রকাশ করে লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংবাদ সম্মেলন করেন।

নিজের প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলসহ সোহেল রানা নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি জামায়াতের কর্মী বলে জানতে পেরেছি। হয়ত তার পদ-পদবিও আছে। একটি কম্পিউটারসহ ছয়টি সিল জব্দ করা হয়েছে। সিলগুলো যিনি বা যারা বানিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে অনেক কলকবজা আছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব-নিকাশ আছে। গোপনে ভোটের সিল বানিয়ে ব্যবসায়ী ধরা বিএনপির সংবাদ সম্মেলনের পর একই দিন রাত ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম বলেন, ভোটের সিলসহ গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে জামায়াতকে জড়িয়ে বিএনপি মিথ্যাচার করছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহেদ পারভেজ বলেন, স্বীকারোক্তি দেওয়ার পর সিল তৈরির পেছনের উদ্দেশ্য এবং আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে জব্দ করা আলামত পর্যালোচনা করা হচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন