রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি ১১ এপ্রিল, ২০২৬, ১৭:০৯:২৭

44
  • ছবি : নিউজজি

বরিশাল: হাইকোর্টের রায় অনুযায়ী অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বকেয়া অবসর ভাতা ও কল্যাণ ভাতা দ্রুত পরিশোধের দাবিতে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অবসর জীবনে তারা চরম অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অবসর গ্রহণের ৩ থেকে ৪ বছর পেরিয়ে গেলেও অনেকেই প্রাপ্য ভাতা পাচ্ছেন না। এতে চিকিৎসা ব্যয়, সংসার পরিচালনা ও ন্যূনতম জীবনধারণ করাও কঠিন হয়ে পড়েছে। ভাতা না পেয়ে মৃত্যুবরণ করার মতো দুঃখজনক ঘটনাও ঘটছে বলে জানান তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, চাকরিরত অবস্থায় নিয়মিতভাবে বেতন থেকে ১০ শতাংশ হারে অর্থ কর্তন করা হলেও অবসর গ্রহণের পর সেই অর্থ গত প্রায় সাত বছর ধরে বন্ধ রয়েছে। এতে করে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন, যা সম্পূর্ণ অমানবিক ও অন্যায্য।

তারা অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন, সব বকেয়া অবসর ও কল্যাণ ভাতা পরিশোধ এবং ভবিষ্যতে নিয়মিত ভাতা প্রদানের নিশ্চয়তা দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরিশাল সিটি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers