রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

কুষ্টিয়ায় মাজারে ভাঙচুরের পর আগুন, ‘পীর’ নিহত

নিউজজি প্রতিবেদক ১১ এপ্রিল, ২০২৬, ১৯:০৫:৪৬

38
  • সংগৃহীত

ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির প্রধান হিসেবে পরিচিত আব্দুর রহমান ওরফে শামিম (জাহাঙ্গীর) নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’ নামের স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলেই শামিমসহ কয়েকজন আহত হন, যাদের মধ্যে তিনি পরে মারা যান।

অভিযোগ রয়েছে, তিনি নামাজ-রোজা, হজ, জাকাতসহ ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন। এমনকি অনুসারীদের হজ পালনের জন্য মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশবাগানের দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিতেন।

এ ছাড়া তার অনুসারীদের দাফনের সময় প্রচলিত ইসলামী নিয়ম উপেক্ষা করে ঢাকঢোল বাজানো, ‘হরে শামীম’ ধ্বনি দেওয়া এবং বিভিন্ন অস্বাভাবিক আচারের প্রচলনের অভিযোগ রয়েছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শামীম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। এর আগে ২০২১ সালে ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা তারা দেখেছেন।

ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি দেখে বিক্ষুব্ধরা আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers