শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

অগ্নিকাণ্ডে হতদরিদ্র রিকশাচালকের ঘরবাড়ি ও পশু পুড়ে ছাই

কিশোরগঞ্জ প্রতিনিধি ৩ মার্চ, ২০২৬, ১৮:৩৮:০২

81
  • অগ্নিকাণ্ডে হতদরিদ্র রিকশাচালকের ঘরবাড়ি ও পশু পুড়ে ছাই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র রিকশাচালক পরিবারের বসতঘর ও গৃহপালিত পশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, ভোরে সেহেরি খেয়ে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে ঘুম থেকে জেগে দেখেন তার ঘরে আগুন জ্বলছে। তিনি ধারণা করছেন, ঘরের ভেতরে অটোরিকশা চার্জে লাগানো ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায় এবং আরেকটি ছাগল গুরুতর দগ্ধ হয়। এছাড়া একটি রিকশা ও একটি সাইকেলও আগুনে পুড়ে যায়।

খাইরুল ইসলাম বলেন, “আমি একজন রিকশাচালক। কষ্ট করে মা, স্ত্রী ও সন্তান নিয়ে সংসার চালাই। আমার স্ত্রী ছাগল পালন করে বছরে কিছু আয় করতেন। তিলে তিলে টাকা জমিয়ে এই ঘরটি নির্মাণ করেছিলাম। আজ সব শেষ হয়ে গেছে।” তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেন, যেন আবার ঘরটি নির্মাণ করতে পারেন।

এলাকাবাসী জানান, সেহেরি খেয়ে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখেন আগুন দাউদাউ করে জ্বলছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য শেখ আরমান হোসেন উজ্জ্বল বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ঘর, দুটি ছাগল, একটি সাইকেল ও একটি রিকশার অধিকাংশ অংশ পুড়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। আগুনের সূত্রপাত বিদ্যুৎ সংযোগ থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং প্রশাসনিকভাবে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন