শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

নিউজজি ডেস্ক ৩ মার্চ, ২০২৬, ২১:১৭:০৩

152
  • ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছর বয়সী শিশু ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে সে নৃশংস যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরের একটি নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় শিশু ইরাকে পড়ে থাকতে দেখেন সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা। তখন তার গলা দিয়ে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল।

মানবিক উদ্যোগে শ্রমিকরা নিজেদের পরনের কাপড় দিয়ে তার গলা বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। হাসপাতালে টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমায় শিশুটি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু ইরার বাড়ি উপজেলার কুমিরা এলাকায়। উদ্ধারের স্থানটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। সাত বছরের একটি শিশুর পক্ষে একা এত দুর্গম পাহাড়ি এলাকায় যাওয়া অসম্ভব। পুলিশ জানায়, ঘাতক বাবু শেখ তাকে ফুসলিয়ে বা অপহরণ করে নির্জন পাহাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে পাশবিক নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে তারা বিশেষ অভিযান শুরু করে। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে মূল হোতা বাবু শেখকে আইনের আওতায় আনা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন