সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

দেশ

‘অপরাধ দমনে আগের চেয়ে বেশি সক্রিয় পুলিশ’

নিউজজি ডেস্ক ৪ মার্চ, ২০২৬, ১০:৫১:৫৭

85
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন সরকার, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং নতুন পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অপরাধ দমনে আগের চেয়ে বেশি সক্রিয় ও উদ্যমী হয়ে কাজ করছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব কথা বলেন।

তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রমজানের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে পারিবারিক বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রশাসনের অধীনে কোনো প্রকার বাধা ছাড়াই পুলিশ এখন অনেক বেশি চাঙ্গা। প্রায় প্রতিদিনই ডিএমপির সব বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সাথে অপরাধ দমনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সাথে নিয়মিত সমন্বয় সভা করা হচ্ছে।

তিনি বলেন, আইজিপি মহোদয় নিজেই মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সড়কে নেমেছেন। গণঅভ্যুত্থানের পর পুলিশের স্থাপনায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় বাহিনীর যে মনোবল ভেঙে পড়েছিল, তা এখন অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বতী সরকারের সময়ের চেয়ে বর্তমান নির্বাচিত সরকারের অধীনে পুলিশ আরও গতিশীলভাবে কাজ করছে।

মো. সরওয়ার বলেন, বর্তমানে পুলিশের বিশেষ টিম অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে। এছাড়া মাদকের আস্তানা শনাক্ত, মাদক ব্যবসা প্রতিরোধ, পলাতক আসামি গ্রেপ্তার এবং কিশোর গ্যাং নির্মূলে একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা অপরিহার্য। এলাকাভিত্তিক জনপ্রতিনিধি, মসজিদ কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। পুলিশ সবসময় জনকল্যাণে নিয়োজিত আছে এবং থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers