মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

শ্রীপুরে মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার, জানা গেল প্রেম করে বিয়ে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ১৮ এপ্রিল, ২০২৬, ১৫:১৮:৪৫

47
  • ছবি : নিউজজি

গাজীপুর: শ্রীপুরে ‘অপহরণ’ ঘটনার ৪৮ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থী ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর জানা গেল প্রেম করে বিয়ে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নয়নপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়নপুর বাজারের পেছনে আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লাল চান মিয়া।

উদ্ধার হওয়া ফারিহা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বীরখারুয়া গ্রামের বাসিন্দা হাদিউল ইসলামের মেয়ে। বর্তমানে সে শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত।

ঘটনার শুরুতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সশস্ত্র দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এতে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চান মিয়া জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অপহরণ মনে হলেও তদন্তে জানা যায়, মেয়েটির সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করে। পরবর্তীতে আত্মীয়ের বাসায় অবস্থানকালে আমরা তাকে উদ্ধার করি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মেয়েটি ও এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় এসেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং ছেলে পক্ষের ১১ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ে ও নিখোঁজ হওয়া নিয়ে সচেতন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers