মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

হরমুজ দিয়ে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের প্রতি অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

নিউজজি ডেস্ক ২০ এপ্রিল, ২০২৬, ১৩:০৬:০৭

24
  • সংগৃহীত

ঢাকা: তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরামের একটি সাইডলাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের সাথে বৈঠক করেছেন। উভয়পক্ষ উপসাগরীয় অঞ্চলের ক্রমবিকাশমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন। সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠক চলাকালে পররাষ্ট্রমন্ত্রী চলমান ঘটনাবলির বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষের সংযম ও সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের গুরুত্বের ওপর জোর দেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচলে সহায়তা করার জন্য তার মধ্যস্থতার অনুরোধও করেছেন।

খলিলুর রহমান বলেন, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ৬টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং গত রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকলেও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

দুই নেতা এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

এর আগে, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী রহমান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদীর সাথে বৈঠক করেন এবং ‘বাংলার জয়যাত্রা’ ও অপরিশোধিত তেলবাহী বাংলাদেশগামী আরেকটি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে যথাযথ পর্যায়ে ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। তিনি বর্তমান সংকট মোকাবিলায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ডের পর ১৩তম সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

তিনি সরকারের পক্ষে ইরান দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামকে দায়িত্ব দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী প্রেরণে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপেরও প্রশংসা করেন ইরানের রাষ্ট্রদূত।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে উল্লেখ করেন, ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশির নিরাপদ যাতায়াতে ইরান সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers