রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

একই স্থানে চিকিৎসা ও হামের টিকা: বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৬, ১৮:৩১:২৫

25
  • একই স্থানে চিকিৎসা ও হামের টিকা: বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

ঠাকুরগাঁও: সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাতেও হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

সরেজমিনে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দেখা যায় যেখানে শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে, ঠিক সেই স্থানেই হামের টিকা প্রদান করা হচ্ছে। একই জায়গায় অসুস্থ ও সুস্থ শিশুদের উপস্থিতির কারণে অভিভাবকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা।

চিকিৎসা নিতে আসা অনেক শিশু ইতোমধ্যে জ্বর, সর্দি বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এমনকি অন্তত দুই শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে একই স্থানে আক্রান্ত ও সুস্থ শিশুদের অবস্থান সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

অভিভাবকদের অভিযোগ, টিকা নিতে আসা পাবেল বলেন সুস্থ শিশুদের জন্য আলাদা নিরাপদ ব্যবস্থা রাখা হয়নি। এতে করে তারা সংক্রমণের ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আবুল বাশার মোহাম্মদ সাইদুর জামান মুঠোফোনে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের জন্য নির্ধারিত আলাদা স্থান নেই। আগে থেকেই যেখানেই টিকা প্রদান করা হচ্ছিল সেখানে হাম রোগের টিকা দেয়া হচ্ছে তবে বিষয়টি এখন তাদের নজরে এসেছে।

তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব অস্থায়ী টিকাদান ক্যাম্প চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় হামের টিকা দেয়া হচ্ছে। কিন্তু অনেক অভিভাবক তাদের শিশুদের নিয়ে হাসপাতালেই টিকা দিতে আসছেন, যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers