রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ২০ এপ্রিল, ২০২৬, ১৮:৫৯:৩৫

30
  • প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

মুন্সীগঞ্জ: শ্রীনগরে মিজান শেখ নামে এক ঠিকাদারের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. মহিফুল ইসলামের কর্মস্থল থেকে সরকারি ল্যাপটপটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকৌশলী মহিফুল ইসলাম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে সহকারী প্রকৌশলীকে সাথে নিয়ে প্রকৌশলী মহিফুল ইসলাম উপজেলা পরিষদের তার নিজের অফিস থেকে বের হয়ে যান।

এর কয়েক মিনিট পর হিসাবরক্ষণ অফিসে অপেক্ষমাণ ঠিকাদার মিজান দুই কক্ষ পেরিয়ে প্রকৌশলী মহিফুল ইসলামের কক্ষে ঢুকেন। কিছুক্ষণের মধ্যে ফাঁকা কক্ষ থেকে ল্যাপটপটি একটি সাদা রংয়ের ব্যাগে ভরে দ্রুত সটকে পরেন। পরে কক্ষে ফিরে এসে ল্যাপটপ না পেয়ে সিসি টিভি ফুটেজ চেক করে মিজানের ল্যাপটপ নিয়ে বের হয়ে যাওয়ার দৃশ্য বের হয়ে আসে। ঘটনাটি জানাজানি হলে ল্যাপটপটি উদ্ধারের জন্য মিজানের বড় ভাই উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আবুল কাননকে দায়িত্ব দেয়া হয়। পরে আবুল কালাম কানন অপারগতা প্রকাশ করে জানান, তার ভাই মিজান পরিবারের কারো কথা শুনছেন না। পরে বাধ্য হয়ে রবিবার দুপুরে প্রকৌশলী মহিফুল ইসলাম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, শ্রীনগর উপজেলার রাস্তা-ঘাটসহ এলজিইডি অফিস সংশ্লিষ্ট  অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ওই ল্যাপটপে। তিনি আরো বলেন, প্রায় এক বছর আগে মিজানের ঠিকা নেয়া একটি রাস্তা থেকে  ইটের খোয়া তুলে নেয়ার সময় বাঁধা দেয়া হলে সে প্রকৌশলীর উপর চড়াও হয়। ওই ঘটনায় তিনি বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছিলেন। এর পর থেকেই মিজান তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers