মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

দাম বাড়তে পারে বিদ্যুতের

নিউজজি ডেস্ক ৬ মে, ২০২৬, ১৬:৪২:২৪

107
  • দাম বাড়তে পারে বিদ্যুতের

ঢাকা: বাড়তে পারে বিদ্যুৎতের দাম। এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি সর্বোচ্চ ১টাকা পঞ্চাশ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুত বিভাগ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)। জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান এবং ভর্তুকির চাপ সামাল দিতে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে গত সোমবার এই প্রস্তাব বিইআরসিতে পাঠানো হয়।

সে অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ (বিপিডিবি) সংশ্লিষ্ট বিতরণ কম্পানিগুলো প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে এবং চলতি সপ্তাহেই তা কমিশনে জমা দিতে পারে।

এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জানিয়েছেন,নিয়ম অনুযায়ী প্রস্তাব পাওয়া গেলে তা আইন অনুসারে পর্যালোচনা করা হবে। পরবর্তী ধাপে গণশুনানি শেষে কমিশন বিদ্যুতের নতুন দর নির্ধারণ করবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসের শুরুতে নতুন দাম কার্যকর হতে পারে।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। একই মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে মোট ৫৯৯ টাকা। এ ছাড়া গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

সে সময় অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রলের দাম লিটারপ্রতি ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেলের দাম লিটারপ্রতি বাড়ানো হয় ১৫ টাকা।

নতুন দামে এখন প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১১৫ টাকা করে। আর কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের গড় খরচ গ্রাহকদের কাছ থেকে আদায় করা দামের তুলনায় প্রায় ৫.৫০ টাকা বেশি।

ফলে ভর্তুকির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিপিডিবির সম্ভাব্য ঘাটতি প্রায় ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকায় পৌঁছতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য অব্যাহত থাকলে অতিরিক্ত আরও প্রায় ১৫ হাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হতে পারে। সরকার এরই মধ্যে বিদ্যুৎ খাতে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে। তবে এলএনজি, কয়লা ও তেলের আমদানি ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েই চলছে। পাশাপাশি অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ উৎপাদনে না থাকলেও চুক্তি অনুযায়ী ‘ক্যাপাসিটি চার্জ’ পরিশোধ করতে হচ্ছে, যা ব্যয়ের চাপ আরও বাড়াচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, মূল্যবৃদ্ধি বিদ্যুৎ খাতের ভর্তুকির চাপ কিছুটা কমাতে সহায়তা করবে । তবে এর ফলে শিল্প খাতে উৎপাদন ব্যয় বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও নতুন চাপ তৈরি হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers