মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি ৬ মে, ২০২৬, ১৮:২১:৫৬

79
  • ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি  ‘হানি ট্র্যাপ’চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ।

বুধবার (৬ মে) নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলার জিনারদী গ্রামের অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার মৃত হিরন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), উত্তর বাগহাটা গ্রামের মৃত আরমান মিয়ার ছেলে মো. কাইয়ুম (২৫) এবং একই উপজেলার খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে দেখা করার কথা বলে নির্জন স্থানে নিয়ে অপহরণ, শারীরিক নির্যাতন এবং আপত্তিকর ভিডিও ধারণ করত। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেয়া হতো।

অভিযানকালে আসামি ফয়সাল মিয়ার কাছ থেকে ভুক্তভোগী মো. পারভেজ হাসানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশি তথ্যমতে, স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ নরসিংদী ও চট্টগ্রামের  বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers