সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ কয়েকটি পরিবার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৬:০৪:১১

92
  • চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ কয়েকটি পরিবার

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তেঁতুলিয়া গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে একটি প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

সরেজমিনে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের কয়েকটি পরিবার বহু বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছিল। সম্প্রতি রাস্তার মালিকানা দাবি করে সেখানে বেড়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ফলে পরিবারগুলোর স্বাভাবিক চলাচল পুরোপুরি ব্যাহত হয়েছে। ঘর থেকে বের হওয়া, রোগী হাসপাতালে নেয়া, শিশুদের স্কুলে পাঠানো এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া এখন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে একটি প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার।

পরিবারের সদস্যরা জানান, জরুরি চিকিৎসা কিংবা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো যানবাহন বাড়ির কাছাকাছি পৌঁছাতে না পারায় অসুস্থ ব্যক্তিকে কাঁধে করে অথবা বিকল্প সংকীর্ণ পথ ব্যবহার করে নিয়ে যেতে হচ্ছে।

ভুক্তভোগী এক বাসিন্দা বলেন,“দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেয়ায় আমরা যেন বন্দি হয়ে গেছি। বিশেষ করে প্রতিবন্ধী সদস্যকে নিয়ে চলাফেরা করা এখন অত্যন্ত কষ্টকর।”

ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি। তারা জানান, আশ্বাস মিললেও বাস্তবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “ভুক্তভোগীসহ উভয় পক্ষের মধ্যে আদালতে একটি মামলা চলমান রয়েছে। যেহেতু রাস্তাটি জনস্বার্থসংশ্লিষ্ট, তাই চেয়ারম্যান হিসেবে উভয় পক্ষকে বুঝিয়ে রাস্তা খুলে দেওয়ার জন্য বলেছি। কিন্তু পুনরায় রাস্তা বন্ধ করে প্রতিবন্ধীদের চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে, যা আইনবিরোধী কাজ।”

এদিকে গ্রামের প্রবীণ ও সচেতন মহলের দাবি, এটি শুধু একটি রাস্তার বিষয় নয়; এটি মানুষের মৌলিক চলাচলের অধিকারের প্রশ্ন। দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ করে দেওয়ায় সামাজিক অস্থিরতা ও প্রতিবেশী বিরোধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় নারী বাসিন্দা মঞ্জুয়ারা বলেন,“রোগী নিয়ে বের হতে পারি না, শিশুদের স্কুলে পাঠাতেও ভয় লাগে। আমরা যেন নিজের বাড়িতেই অবরুদ্ধ হয়ে আছি।”

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হলে অবরুদ্ধ পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers