সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৭:০৯:২৭

143
  • পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

খাগড়াছড়ি: “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”— এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে শহরের চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খাগড়াছড়ি জেলা সদর ফারিয়া। একই দাবিতে সারাদেশে একযোগে কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্প বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। এই খাতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য, ওষুধের কার্যকারিতা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহারবিধি সম্পর্কে চিকিৎসকদের নিয়মিত অবহিত করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বক্তারা আরও বলেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে জনসেবামূলক কর্মকাণ্ডেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান রয়েছে।

অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের অবমাননাকরভাবে “দালাল”হিসেবে আখ্যায়িত করা হয়, যা তাদের সামাজিক মর্যাদা ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ সময় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সদর ফারিয়ার আহ্বায়ক তিলক বড়ুয়া এবং ম্যানেজার ফোরামের সভাপতি সুধাংশু কুমার বিশ্বাসসহ বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা। তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও কার্যকর করতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers