সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

১ আগস্ট চালু হচ্ছে বরিশালের শিশু হাসপাতাল

বরিশাল প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৯:০৩:৩৬

121
  • ১ আগস্ট চালু হচ্ছে বরিশালের শিশু হাসপাতাল

বরিশাল: দক্ষিণাঞ্চলে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বরিশালের বহুল প্রতীক্ষিত শিশু হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ-মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ১ আগস্ট থেকেই হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা দিতে সক্ষম হবে।

সোমবার দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, হামের কারণে শিশুদের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের। চিকিৎসার অভাবে আর কোনো শিশুর প্রাণহানি আমরা দেখতে চাই না। তাই জরুরি ভিত্তিতে শিশু হাসপাতালটি চালুর সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি জানান, হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত চাহিদার তালিকা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। জুলাই মাসের মধ্যেই অধিকাংশ আধুনিক চিকিৎসা সরঞ্জাম হাসপাতালে পৌঁছে যাবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০০ শয্যার এই বিশেষায়িত শিশু হাসপাতালে ১০টি নিউনেটাল ভেন্টিলেটর, একটি সিটি স্ক্যান মেশিন, দুটি ডিজিটাল এক্স-রে মেশিন, একটি পোর্টেবল এক্স-রে, ২০টি মাল্টিপ্যারামিটার (কার্ডিয়াক মনিটর), ১০টি ফটোথেরাপি মেশিন এবং ১০টি ওয়ার্মার স্থাপন করা হবে। কিছু সরঞ্জাম টেন্ডারের মাধ্যমে এবং কিছু সরাসরি ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, যদি অর্থের সংকট হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ বরাদ্দ নেয়া হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগও দ্রুত সম্পন্ন করা হবে। আমি চাই আগামী পহেলা আগস্ট থেকেই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হোক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সংকট নিরসনে তাৎক্ষণিকভাবে দুই ধাপে ১০ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। পাশাপাশি খুব দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রমও শুরু হবে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ঘাটতি রাখতে চাই না।

নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল সম্পর্কে মন্ত্রী বলেন, হাসপাতালটির সিভিল ওয়ার্ক সম্পন্ন করতে আরও প্রায় ছয় মাস সময় লাগবে। এরপর দ্রুত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য হাসপাতালটি চালুর উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিজে পরীক্ষা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “খাবারের মান খারাপ না।”এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে প্রতি মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের নির্দেশও দেন মন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর, বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন মঞ্জুর এ এলাহী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মাত্র ২০ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে তিন শতাধিক শিশু চিকিৎসাধীন থাকে। হামের প্রকোপ বাড়ার পর পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। চলতি বছরে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে ৩৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত শিশু হাসপাতাল চালু হলে দক্ষিণাঞ্চলের শিশুদের জন্য আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কমবে শিশুমৃত্যুর হার।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers