সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

দুপচাঁচিয়ায় দখল-অনিয়মে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৪ মে, ২০২৬, ১৭:৪৭:২১

134
  • দুপচাঁচিয়ায় দখল-অনিয়মে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বগুড়া: মহাসড়কের পাশে টাঙানো রয়েছে সতর্কতামূলক বিলবোর্ড। সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে—অনুমোদন ছাড়া সড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে কোনো স্থাপনা নির্মাণ, হাট-বাজার বসানো কিংবা দখল করা যাবে না। কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। আইন শুধু সাইনবোর্ডেই সীমাবদ্ধ থাকায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন সড়ক এখন দখল, অব্যবস্থাপনা ও দুর্ঘটনার ঝুঁকিতে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার আঞ্চলিক ও মহাসড়কের দুই পাশে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে বালু, খোয়া, ইট ও খড়। কোথাও সড়কের ওপরই বসছে অস্থায়ী হাট-বাজার, আবার কোথাও গড়ে উঠেছে স্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা। এতে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

বিশেষ করে বগুড়া-নওগাঁ মহাসড়কের চৌমুহনী বাজার, সাহারপুকুর বাজার ও মুরাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুই পাশে বাজার ও অবৈধ দখলের কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। স্থানীয়দের অভিযোগ, দিনের ব্যস্ত সময়ে এসব এলাকায় প্রায়ই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। রাতে কিংবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়কের পাশে রাখা বালু ও ইটের স্তূপ দূর থেকে বোঝা যায় না। ফলে মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকেরা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বিলবোর্ডে উল্লেখ রয়েছে, সরকারের পূর্বানুমোদন ছাড়া মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা হাট-বাজার বসানো যাবে না। একই সঙ্গে সওজের অধিগ্রহণকৃত জমির প্রান্তসীমা থেকে ৩৩ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এসব নির্দেশনা বাস্তবে কার্যকর না থাকায় স্থানীয় প্রভাবশালী ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে দখল চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম ও আরিফুর রহমান বলেন, “সড়কের ওপর খড়, ইট বা বালু রাখার কারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। অনেক সময় হঠাৎ সামনে এসব পড়ে থাকলে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারাতে হয়। এতে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।”

নিরাপদ সড়ক চাই (নিসচা) দুপচাঁচিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক বলেন, “শুধু সাইনবোর্ড টাঙিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। দুপচাঁচিয়া থেকে তালোড়া পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ দখলের কারণে রাস্তা অনেক সংকুচিত হয়ে গেছে। দ্রুত উচ্ছেদ অভিযান ও আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন।”

এ বিষয়ে বগুড়া সড়ক বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “জনসচেতনতা বাড়াতে নিয়মিত বিলবোর্ড টাঙানো হয়। তবে অনেকেই সড়কের জমিকে নিজেদের সম্পত্তি মনে করে ব্যবহার করছেন। খুব দ্রুত অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, সড়ক নিরাপদ রাখতে শুধু প্রচারমূলক কার্যক্রম নয়, প্রয়োজন দৃশ্যমান উদ্যোগ ও কঠোর নজরদারি। অন্যথায় দখল ও অনিয়মের বড় ধরনের প্রাণহানির কারণ।

নিউজজি/নাসি   

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers