মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়

নিউজজি ডেস্ক ১৯ মে, ২০২৬, ১২:৪০:৩৭

89
  • সংগৃহীত

ঢাকা: শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেনও সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার ২ সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের বরাদ্দ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তিনি।

শুনানিতে অংশ নেয়া অন্য আইনজীবীরা হলেন- মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মন্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার ও জামিয়া আক্তার শরীফ।

আদেশের পর রিটকারী আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের বলেন, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক। এতে সাধারণ মানুষের ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারায় স্পষ্ট বলা আছে যে রাস্তার উভয় পাশে অন্তত ১০ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। কিন্তু নীতিমালা করে হকারদের ফুটপাত বরাদ্দ দেয়ার মাধ্যমে এই আইনের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ও চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এই রিট করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers