সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি ১৯ মে, ২০২৬, ১৩:৪৩:৫৩

64
  • সংগৃহীত

গাইবান্ধা: সদর উপজেলায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- অটোরিকশাচালক ফরিদ মিয়া ও যাত্রী রুস্তম আলী। এ ঘটনায় নারীসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর রোডের কুমোরপাড়া ও ঠাকুরের দিঘীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের পাতা মিয়ার ছেলে ও রুস্তম আলী সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগি পরিবহনে নিয়োজিত একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল। এ সময় ৫-৬ যাত্রী নিয়ে গাইবান্ধাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুমোরপাড়া-ঠাকুরের দিঘী এলাকায় পৌঁছালে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নারীসহ আরও ৩ জন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers