সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

গুইমারায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ফায়ার স্টেশনের দাবিতে ক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : ৩ জুন, ২০২৬, ১৭:৩১:৪৮

109
  • গুইমারায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ফায়ার স্টেশনের দাবিতে ক্ষোভ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি তেলের দোকান ও একটি হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আরও একটি ওষুধের দোকান ও পাশের একটি বসতবাড়ির। বুধবার (০৩ জুন ২০২৬) রাত পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাজার ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। আগুনে ব্যবসায়ী আনোয়ার হোসেনের তেলের দোকান ও নাঈমের খাবার হোটেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়া পাশে থাকা একটি ওষুধের দোকান ও একটি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং সিন্দুকছড়ি সেনা জোনের মেজর শাইয়েন কাদিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অংশ নেন।

​একই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত এগিয়ে আসেন স্থানীয় আনসার ও হিল ভিডিপি সদস্যরা। হিল ভিডিপি কমান্ডার মহিউদ্দিন, সদস্য রাসেল মীর, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, রাজু, সুমন, জাহাঙ্গীর এবং আনসার সদস্য সাইফুল ইসলামসহ ১৫/২০ জনের একটি নিবেদিতপ্রাণ দল ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। সকলের সম্মিলিত ও সময়োচিত পদক্ষেপের ফলে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় পুরো বাজার। দুর্যোগের মুহূর্তে আনসার-ভিডিপি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের এমন সাহসী ভূমিকা স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মাঝে প্রশংসিত হয়েছে।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার আবু বকর জানান, খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।

​এদিকে, গুইমারা উপজেলায় বারবার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিঃস্ব হলেও এখানে কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন না করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর কত ক্ষতি হলে গুইমারায় একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখন এটাই গুইমারা উপজেলাবাসীর প্রধান দাবি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers