বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

গৌরনদীতে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি ৭ জুন, ২০২৬, ১৫:০২:০২

85
  • গৌরনদীতে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর রেজাউল হাওলাদার (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধারের পর মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৭ জুন) সকালে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি নির্জন ডোবা-পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত রেজাউল হাওলাদার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রেজাউলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, রোববার সকাল সাতটার দিকে তিনি নিজের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় গ্রামপুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

গ্রামপুলিশ রাসেল মৃধা জানান, মরদেহ উদ্ধারের সময় পুকুর সংলগ্ন এলাকা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ কারণে মৃত্যুর ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে যুবকের আকস্মিক মৃত্যুতে পশ্চিম খাঞ্জাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ঘটনার রহস্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ দ্রুত প্রকাশ করা হোক।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers