বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ৮ জুন, ২০২৬, ১৪:৩৪:২৫

106
  • হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ

বগুড়া: বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

রোববার সকাল ১১টা থেকে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে থানা পুলিশের মধ্যস্থতায় চালকদের সঙ্গে আলোচনা শেষে সমাধান হলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে রেখে চালকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় হাজার যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, বগুড়া থেকে নন্দীগ্রাম এবং নাটোরের সিংড়া পর্যন্ত সড়কে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ সিএনজি চলাচল করে। কুন্দারহাট হাইওয়ে পুলিশ চালকপ্রতি মাসিক ৮০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। পুলিশের নিয়োগ করা কিছু ব্যক্তি এ চাঁদা সংগ্রহের সঙ্গে জড়িত বলে দাবি তাদের। চালকদের ভাষ্য, চাহিদামতো চাঁদা না দিলে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, অটোরিকশা জব্দ, মামলা প্রদান এবং বিভিন্নভাবে হয়রানি,মারপিটে হুমকি দেয়া হয়।

অবরোধের খবর পেয়ে শাজাহানপুর থানা ওসি আশিক ইকবাল ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় দুই ঘণ্টা পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে চালকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, কোনো সিএনজিচালিত অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেয়ার সত্যতা নেই। যদি কোনো পুলিশ সদস্য এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, “গতকাল মহাসড়কে চলাচলকারী একটি সিএনজির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে কিছু চালক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers