বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি ৮ জুন, ২০২৬, ১৯:২১:০৩

125
  • গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে এক গৃহবধূকে নিজ ঘরে ঢুকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিমন বাকেরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হিরাধার গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত দানিসুর রহমান লিমন। গতকাল রোববার রাত ১১টার দিকে ওই গৃহবধূ তার ঘরে একা থাকার সুযোগে লিমন তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন এবং একপর্যায়ে ওই নারীকে যৌন হয়রানি করেন।

এ সময় ভুক্তভোগী গৃহবধূর ডাক-চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসেন এবং লিমনকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে উত্তেজিত জনতা তাকে একটি কক্ষের মধ্যে আটকে রাখেন।

ঘটনার পর ভুক্তভোগী নারীর স্বামী জাহাঙ্গীর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আজ সোমবার সকালে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দানিসুর রহমান লিমনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীর দায়ের করা অভিযোগটি বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নম্বর- ১২/২৬) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী নারীর স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, দানিসুর রহমান লিমন দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। লিমনের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল রাতে সে সুযোগ বুঝে আমাদের ঘরে ঢুকে আমার স্ত্রীকে যৌন হয়রানি করে। আমরা এই লম্পটের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি চাই।

এদিকে গ্রেফতারকৃত লিমনের বাবা শাহাদাত হোসেন ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, গভীর রাতে লিমন কেন ওই নারীর বাড়িতে গিয়েছিল, তা আমাদের স্পষ্ট জানা নেই। তবে এক নারীর যৌন হয়রানির মিথ্যা ও সাজানো অভিযোগ তুলে আমার ছেলেকে ঘরে আটকে রেখে রাতভর অমানুষিক শারীরিক নির্যাতন করা হয়েছে। এই মারধরের ঘটনায় লিমনের পরিবারের পক্ষ থেকেও বাকেরগঞ্জ থানায় একটি পাল্টা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ ও মামলার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেফতারের পর আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers