বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

ভালুকায় সরকারি জমি দখল নিয়ে চাঞ্চল্য, তদন্তে নামছে প্রশাসন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১২ জুন, ২০২৬, ১৬:৫৬:৪৭

105
  • সংগৃহীত

ময়মনসিংহ: ভালুকা উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমিতে টিনশেড ঘর ও টিনের বেড়া নির্মাণের কাজ চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের নিজস্ব জমির পরিমাণ প্রায় এক একর। সম্প্রতি পরিষদের উত্তর ও পশ্চিম পাশের অংশে টিনশেড ঘর নির্মাণ এবং টিনের বেড়া দিয়ে জায়গা ঘেরার কাজ শুরু হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের সংলগ্ন এলাকায় টিনশেড ঘর নির্মাণের পাশাপাশি টিনের বেড়া দিয়ে জায়গা ঘিরে রাখার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, এটি ইউনিয়ন পরিষদের সরকারি জমি দখলের চেষ্টা।

এ বিষয়ে মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন বলেন, অফিস বন্ধ থাকার সুযোগে কিছু লোক সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের প্রশাসককে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, জমি নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে, তা নিরসনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।

স্থানীয় বাসিন্দা বুলবুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের জায়গা দখল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি সরকারি সম্পত্তি। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের মাধ্যমে জায়গাটি উদ্ধার করা হোক, এটাই আমাদের দাবি।

আরেক স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ পুরো ইউনিয়নবাসীর সম্পদ। সরকারি জায়গা দখলের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

তবে অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম মাসুদ দাবি করেন, তিনি তার পৈত্রিক সম্পত্তির ওপর ঘর নির্মাণ করছেন। তিনি বলেন, জমি পরিমাপ করে ইউনিয়ন পরিষদের প্রকৃত সীমানা নির্ধারণ করা হোক। যদি প্রমাণিত হয় জায়গাটি ইউনিয়ন পরিষদের, তাহলে আমি ঘর সরিয়ে নিতে প্রস্তুত।

এ বিষয়ে ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহম্মেদ রাজিব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দ্রুত জমির সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে সীমানা প্রাচীর নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়রা আশা করছেন, জমির প্রকৃত মালিকানা যাচাই করে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers