মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

‘দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন’

নিউজজি ডেস্ক ১৬ জুন, ২০২৬, ১২:০০:০৪

87
  • সংগৃহীত

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের লক্ষ্যে সদস্যদের নাম সুপারিশ করতে যেকোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আরও কার্যকর ও শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন গঠন সম্ভব হবে।

সোমবার (১৫ জুন) ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ মনে করতে পারেন সরকার আন্তরিক নয়, তবে বাস্তবে সরকার এ বিষয়ে আন্তরিক। শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে এবং এর মাধ্যমে দুদক পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। এখন সার্চ কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্যদিয়ে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদিত না হলেও আগের আইন পুনরুজ্জীবিত হয়েছে, যেখানে সার্চ কমিটি গঠনের বিধানও রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান ব্যবস্থা একটি অন্তর্বর্তী পদক্ষেপ মাত্র। প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হওয়ার পর আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী দুদক গঠন করা হবে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers