মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

লন্ডনে হাসনাতকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, অনুষ্ঠান ঘিরে উত্তেজনা

নিউজজি ডেস্ক ১৬ জুন, ২০২৬, ১২:০১:০৬

78
  • সংগৃহীত

ঢাকা: লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে সোমবার (১৬ জুন) এই আয়োজন অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ আসবেন—এমন খবর ছড়িয়ে পড়ার পরই ভেন্যুর আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা। এ সময় ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা যায়।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢুকছিলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এ সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এর আগে, দুপুরে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিকরা।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers