বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

উজিরপুরে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধিতে উদ্যোগ

বরিশাল প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ১৯:৩০:৫১

82
  • উজিরপুরে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধিতে উদ্যোগ

বরিশাল: দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বরিশালের উজিরপুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার হাবিবপুর খাল ও উপজেলা দীঘিতে ৩৭৫ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।

“দেশীয় মাছ সংরক্ষণ করলে, খাদ্য-অর্থ-পুষ্টি মিলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, দেশীয় মাছ আমাদের জলজ পরিবেশ ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন কারণে অনেক দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে। এসব প্রজাতি রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি সকলকে জলাশয় সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা মহিলা সংস্থার সংগঠক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজী, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নজরুল ইসলাম, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবমুক্ত করা পোনাগুলো বড় হয়ে স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছে। এমন উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করা হলে হারিয়ে যেতে বসা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে।

মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ও মৎস্যজীবীরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers