বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

গৃহবধূকে হত্যার অভিযোগে শশুরবাড়ির ৩ জনের বিরুদ্ধে মামলা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ২০:৩৫:০৬

94
  • গৃহবধূকে হত্যার অভিযোগে শশুরবাড়ির ৩ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে মারপিটের শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় শ্বশুরবাড়ির ৩ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলার ছোটখারকান্দি গ্রামের এক ব্যক্তির মেয়ের সাথে প্রায় ৯ বছর আগে আলফাডাঙ্গা উপজেলার এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মেয়েটিকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি প্রায়ই গালিগালাজ ও মারধর করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, গত ০৮-০৬-২০২৬ তারিখ বিকাল ৪টার দিকে স্বামীর মোবাইলে ফেসবুক দেখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন মিলে ওই গৃহবধূকে বেধড়ক মারপিট করে। এ সময় লোহার হাতুড়ির আঘাতে তার ঘাড়, গলা ও মাজায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযোগকারী দাবি করেন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে ০৯-০৬-২০২৬ তারিখে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর ১১-০৬-২০২৬ তারিখে ফরিদপুরে নিয়ে গেলে সেখানকার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩-০৬-২০২৬ তারিখ রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।

নিহতের বাবার অভিযোগ, পরিকল্পিতভাবে মারপিট করে হত্যার উদ্দেশ্যেই শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে আঘাত করেছে। এ ঘটনায় তিনি কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers