বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

খুলনা প্রতিনিধি ১৭ জুন, ২০২৬, ১৭:২৪:১৮

72
  • খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

খুলনা: খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহণের একটি বাস, নওয়াপাড়া থেকে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজগামী একটি যাত্রীবাহী বাস এবং নওয়াপাড়া থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

এছাড়া রূপসা পরিবহণের একজন যাত্রী ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওয়াপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন—খুলনা বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইভা (১৯), সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবরিনা (২৪), গণিত বিভাগের শিক্ষার্থী রন্তা রায় (৩০), মাইমুনা (২২), বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, আহতদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers