বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

আর্জেন্টিনার জয়ের পর জার্সির কদর, খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা

খুলনা প্রতিনিধি: ১৭ জুন, ২০২৬, ১৯:০৯:৫৫

95
  • আর্জেন্টিনার জয়ের পর জার্সির কদর, খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা

খুলনা: মাঠের লড়াই শেষ হয়েছে, কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আর সেই জয়ের পরই খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেড়ে গেছে আর্জেন্টিনার জার্সির চাহিদা। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে এখন জমজমাট খুলনার বাজারগুলো।

বুধবার (১৭ জুন) বিকেলে খুলনার নিউমার্কেট, ডাকবাংলা মোড় ও খেলার সামগ্রীর দোকানগুলো ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কয়েকদিন আগেও যেখানে জার্সি বিক্রি ছিল সীমিত, সেখানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম্বার-১০ জার্সির প্রতি আগ্রহ সবচেয়ে বেশি।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আর্জেন্টিনার জয়ের পরই হঠাৎ করে বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। কেউ কেউ বলছেন, একদিনেই কয়েকদিনের বিক্রি হয়ে যাচ্ছে। অনেক দোকানেই নতুন করে জার্সির সরবরাহ বাড়াতে হচ্ছে।

ডাকবাংলার এক ব্যবসায়ী জানান, ম্যাচের আগেও জার্সির চাহিদা ছিল ভালোই। কিন্তু আর্জেন্টিনা জেতার পর থেকে ক্রেতার চাপ সামলানো কঠিন হয়ে গেছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেসির জার্সি।

শুধু জার্সিই নয়, ফুটবল সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী- পতাকা, ক্যাপ, ব্যানার, এমনকি হাতের ব্যান্ড পর্যন্ত বিক্রি বেড়েছে। ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানাতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন।

ক্রেতাদের মধ্যেও দেখা গেছে ভিন্ন উচ্ছ্বাস। কেউ নিজের জন্য, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য জার্সি কিনছেন। এমনই একজন ক্রেতা রুমানা আক্তার রানু। ছেলের জন্য জার্সি কিনতে এসে তিনি বলেন, আমার ছেলে আর্জেন্টিনার বড় ভক্ত। তার জন্য জার্সি কিনতে এসেছি। ও খুব খুশি হবে।

অন্যদিকে, নিজের জন্য জার্সি কিনতে আসা এক তরুণ বলেন, মেসির খেলা দেখে আবার নতুন করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তাই এবার জার্সি কিনে সমর্থন জানাতে চাই।

বিশেষ করে মেসির দুর্দান্ত পারফরম্যান্স উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, এ পারফরম্যান্স আর্জেন্টিনাকে নিয়ে তাদের আশাবাদ আরও বাড়িয়েছে।

ব্যবসায়ীরা মনে করছেন, বিশ্বকাপ যত এগোবে, ততই বাড়বে এই উন্মাদনা। আর সেই সঙ্গে বাড়বে জার্সি ও ফুটবল সামগ্রীর বিক্রিও। ইতোমধ্যেই অনেক দোকান আগাম প্রস্তুতি নিচ্ছে, যাতে চাহিদা মেটানো যায়।

মাঠে আর্জেন্টিনার জয় যেমন সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি ব্যবসায়ীদের মুখেও এনেছে স্বস্তি। বিশ্বকাপের শুরুতেই জার্সির এই বাড়তি চাহিদা ফুটবল উন্মাদনারই নতুন বার্তা দিচ্ছে খুলনা জুড়ে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers