বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

পরিবেশ রক্ষার জলাশয় অবহেলায় নষ্ট, নেই সংস্কারের উদ্যোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি ১৭ জুন, ২০২৬, ১৯:১৮:৫৩

83
  • পরিবেশ রক্ষার জলাশয় অবহেলায় নষ্ট, নেই সংস্কারের উদ্যোগ

বগুড়া: ময়লা-আবর্জনা, আগাছা, লতা-পাতা ও ঝোপঝাড়ে ভরে থাকলেও বছরের অধিকাংশ সময় পানিশূন্য অবস্থায় পড়ে থাকে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরটি। পুকুরটিতে পানি না থাকলেও গোসলের সুবিধার্থে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে শানবাঁধানো ঘাটলা। অথচ পুকুরে পানি ধারণের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অচলাবস্থায় পড়ে থাকা এই পুকুরের উন্নয়ন কিংবা পানি সংরক্ষণে উপজেলা প্রশাসনের বর্তমানে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

জানা গেছে, আশির দশকে ধুনট উপজেলা পরিষদ প্রতিষ্ঠার সময় সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পানি সংকট নিরসনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে পুকুরটি খনন করা হয়। কিন্তু পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সময়ের সঙ্গে সঙ্গে পুকুরটি তার কার্যকরিতা হারিয়ে ফেলে। বছরের বেশিরভাগ সময় এটি শুকনো অবস্থায় পড়ে থাকে।

সূত্র জানায়, ২০২১ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত প্রায় সাড়ে তিন লাখ টাকা সরকারি বরাদ্দে পুকুরপাড়ের কিছু উন্নয়নমূলক কাজ করেন। পরে তিনি বদলি হলে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। তার আমলে শুকনো পুকুরের পাশেই প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে একটি শানবাঁধানো ঘাটলা নির্মাণ করা হয়। তবে কোনো সময়ই পুকুরটিতে পানি ধরে রাখার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি পুকুর বছরের পর বছর পানিশূন্য অবস্থায় পড়ে থাকা প্রশাসনের উদাসীনতার পরিচয় বহন করে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত সংকটের এই সময়ে সরকারি জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। পুকুরটি পুনঃখনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যও বৃদ্ধি পেত।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর কাছে জানতে চাইলে তিনি জানান, পুকুরটি নিয়ে বর্তমানে আমাদের কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে। কারিগরি বা ভূ-তাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পানি ধারণের সুযোগ আছে কি না, সেটিও তখন দেখা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers