বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

‘যে সরকার মানুষের খোঁজ নেয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না’

নিউজজি ডেস্ক ১০ জুলাই, ২০২৬, ১৪:৪৮:৩১

71
  • সংগৃহীত

ঢাকা: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার কার জন্য, সরকার তো মানুষের জন্য। মানুষের ডাকে ও বিপদে যে সরকার সাড়া দেয়, সেটি ভালো সরকার। আর যে সরকার মানুষের খোঁজ-খবর নেয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না। আমরা চাই, সরকার মানুষের খোঁজ নেক, দায়িত্ব নেক এবং সমস্যা সমাধানেরও চেষ্টা করুক।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বন্যা আক্রান্ত নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন। এ বিপদে সরকারের প্রতি আহ্বান- যত দ্রুত সম্ভব বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে তাড়াতাড়ি সেখানে রিলিফ সামগ্রী পৌঁছানো হোক। পরবর্তীতে এমন পরিকল্পনা নেওয়া হোক; যাতে মানুষকে বারবার বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হতে না হয়।

বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা বিরোধীদল হিসেবে, আমাদের অবস্থান থেকে, সরকার যদি ভালো কোনো উদ্যোগ নেন তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা অংশীদার হবো। আশা করি, সরকার জনগণের ডাকে সাড়া দিবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের কষ্টে সহানুভূতি প্রকাশ ও কষ্টের অংশীদার হতে এসেছি। এ খাদ্য সামগ্রীগুলো রিলিফ না, এগুলো ভাই ও মা-বোনদের জন্য উপহার। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে এ বিপদে আপনাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন। এও দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি আপনাদের এ বিপদ থেকে মুক্তি দেন এবং এ কষ্ট থেকে দীর্ঘস্থায়ী সমাধান দেন।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, ডাকসুর জিএস এস.এম ফরহাদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির আনোয়ারুল আলম চৌধুরী, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers