বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

রাজনীতি হতে হবে জনকল্যাণের হাতিয়ার: তথ্যমন্ত্রী স্বপন

বরিশাল প্রতিনিধি ১০ জুলাই, ২০২৬, ১৫:২২:৩৭

68
  • সংগৃহীত

বরিশাল: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যোগ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের ভাগ্য পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া উচিত।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সঞ্চালনায় ছিলেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠান শেষে বেলা ১২টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আমগাছের চারা রোপণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

এসময় বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে। রাজনীতি যে শুধু ক্ষমতা ভোগের বিষয় নয়, বরং জনগণের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়া, তা রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। রাজপথের আন্দোলন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং বুদ্ধিজীবীদের সম্পৃক্ত করে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা, এসব উদ্যোগের মাধ্যমে তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে নিজের নেতৃত্বের সক্ষমতার পরিচয় দিয়েছেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফর প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, এ সফরের অন্যতম উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ড বিতরণ করা হয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের বরিশাল সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers