বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

বাকেরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১২:৩৯:৫৮

54
  • ছবি : নিউজজি

বরিশাল: বাকেরগঞ্জে ব্যবসায়ী আব্দুল হালিম হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি ও কথিত কিশোর গ্যাং লিডার রাহাত হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। হত্যাকাণ্ডের প্রায় ২ মাস পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, বরিশাল সদর কোম্পানির সদস্যরা র‌্যাব-১১ এর সিপিএসসি গোয়েন্দা দলের সহযোগিতায় নারায়ণগঞ্জের আদমজীনগর এলাকায় অভিযান চালিয়ে রাহাত হাওলাদারকে গ্রেপ্তার করেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের আবুয়াল হাওলাদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৫ মে বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বশত্রুতার জেরে বাকেরগঞ্জ উপজেলার হেলেঞ্চা ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থিত মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ এ সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। রড, সিমেন্ট ও নির্মাণসামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠানটিতে হামলার সময় অভিযুক্তরা রামদা, দা, শাবল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালায়।

এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন হাওলাদারের বড় ভাই আব্দুল হালিম হাওলাদার হামলাকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে নৃশংস হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, রাহাত হাওলাদারসহ কয়েকজন মিলে তাকে চেপে ধরে রড ও শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। র‌্যাবের দাবি, গ্রেপ্তার এড়াতে তারা একাধিকবার অবস্থান পরিবর্তন করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে মামলার অন্যতম আসামি রাহাত হাওলাদারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নারায়ণগঞ্জের আদমজীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers