বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

খুলনায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১৩:৪৯:২৯

60
  • ছবি : নিউজজি

খুলনা: মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার এবং খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার মৃত আমির খানের ছেলে মো. ইমরান খান।

র‌্যাব জানায়, অভিযানের সময় ইমরান খানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। পিসি-পি আর (Police Clearance/Profile Record) পর্যালোচনায় দেখা যায়, শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৬ জানায়, দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ২ আসামির বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers