বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

আইএমও বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

নিউজজি ডেস্ক ১১ জুলাই, ২০২৬, ১৪:০৮:৩৮

60
  • সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ জাতিসংঘ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মর্যাদাপূর্ণ ‘লেটার অফ কমেন্ডেশন্স ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’ (সমুদ্রে অসাধারণ বীরত্বের জন্য  সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার)-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন। চলতি বছরের শুরুতে কর্ণফুলী চ্যানেলে নিজের জীবন বাজি রেখে দক্ষতার সঙ্গে একটি বড় ধরনের শিল্প ও পরিবেশগত মহাবিপর্যয় সফলভাবে মোকাবেলা করায় তাকে এই বৈশ্বিক স্বীকৃতি দেয়া হচ্ছে।

আগামী ১৪ ডিসেম্বর সংস্থাটির লন্ডনস্থ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি লাইবেরিয়ার পতাকাবাহী এলপিজি পরিবাহী ১৫৯.৯ মিটারের জাহাজ ‘গ্যাস হারমোনি’কে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে ভেড়ানোর (বার্থিং) কাজ করছিলেন আসিফ। জাহাজটিতে ৫১৫ মেট্রিক টন প্রোপেন এবং ৪,৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাস ছিল।

হঠাৎ করেই কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়া বিশাল জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে যায়।

প্রবল স্রোতের টানে মুহূর্তের মধ্যে জাহাজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে দ্রুতগতিতে পার্শ্ববর্তী কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ধেয়ে যেতে থাকে। অত্যন্ত দাহ্য ও বিস্ফোরক পদার্থ বোঝাই এই জাহাজের সঙ্গে জেটির সংঘর্ষ হলে একটি ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ ঘটতে পারত।

বিস্ফোরণের ফলে চট্টগ্রাম নগরীতে ব্যাপক প্রাণহানি, দীর্ঘ সময়ের জন্য চট্টগ্রাম শহরের বাসযোগ্যতা হারানোসহ, বন্দরের স্পর্শকাতর স্থাপনার মারাত্মক ক্ষতি এবং দেশের প্রধান এই সামুদ্রিক প্রবেশপথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার মতো জাতীয় বিপর্যয় নেমে আসতে পারত।

ওই সময় সিদ্ধান্ত নেয়ার জন্য ক্যাপ্টেন আসিফের হাতে ছিল ছিল মাত্র কয়েক সেকেন্ড।

চরম সংকটের মুহূর্তে নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি অসীম সাহস ও নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দেন তিনি। জাহাজটির গতি রোধ করার জন্য জরুরি ভিত্তিতে ২টি নোঙর ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে টেক্সটবুক ম্যানুভারিং এর বাইরে গিয়ে ২টি নোঙর তুলে ফেলেন।

তার এই দূরদর্শী ও নিখুঁত কৌশলের কারণে গতিশীল ও নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি কমে যায়। নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়ে ‘গ্যাস হারমোনি’ জেটি কাঠামো থেকে মাত্র ৫ফুট দূরত্বে এসে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পূর্ণ নিরাপদভাবে থেমে যায়।

বৈশ্বিক সামুদ্রিক খাতের সর্বোচ্চ সম্মাননা ক্যাপ্টেন আসিফ আহমেদের এই অনন্য সাধারণ মেধা,উদ্ভাবন, দৃঢ় মনোবল ও বীরত্ব ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ‘গ্যাস হারমোনি’ জাহাজের ক্যাপ্টেন ও মালিক পক্ষও তাকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করেছে।

উল্লেখ্য, আইএমও অসাধারণ বীরত্ব পুরস্কার হলো বৈশ্বিক সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা। সমুদ্রে নিজের জীবন বাজি রেখে বড় ধরনের বিপর্যয় ও দুর্ঘটনা রোধে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে এই পুরস্কারে ভূষিত করা হয়। ক্যাপ্টেন আসিফের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers