বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

এনসিপির বরিশাল মহানগর কমিটি ঘোষণা

বরিশাল প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১৫:৫১:১৭

100
  • সংগৃহীত

বরিশাল: জামায়াতে ইসলামীর সাবেক ২ নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটির মেয়াদ ৬ মাস নির্ধারণ করা হয়েছে। একই সাথে আগামী এক মাসের মধ্যে কমিটির পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে কমিটির অনুমোদন দেয়া হয়। এনসিপির বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত কমিটিতে মো. মিজানুর রহমান খানকে আহ্বায়ক এবং এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া একজনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩ জনকে যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট জাকির হোসেন ও মো. সবুজ হাওলাদারকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ৬ জনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। অন্যান্য সদস্যদের নিয়ে ১৬ সদস্যের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে কমিটির অনুমোদন দেন। কমিটির কার্যকাল ৬ মাস হলেও এ সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী এক মাসের মধ্যেই নতুন সদস্য যুক্ত করে কমিটির পরিধি বাড়ানো হবে।

তবে কমিটি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সদস্য সচিব এম আনোয়ার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের অন্তর্ভুক্তি। কারণ, তারা ২ জনই এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ সাংবাদিকদের বলেন, এম আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন ২ জনই পূর্বে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করার পর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। এরপরই সাংগঠনিক বিবেচনায় তাদের নতুন কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে।

নবগঠিত কমিটি ঘোষণার পর বরিশালের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জামায়াতের সাবেক ২ নেতার এনসিপির নেতৃত্বে অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

যদিও এনসিপি নেতারা বলছেন, দলীয় নীতিমালা অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল মহানগরে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বিভিন্ন জেলা ও মহানগরে ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করে আসছে। তারই অংশ হিসেবে বরিশাল মহানগরের এ নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers