বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

দেশ

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল

বরিশাল প্রতিনিধি ১৩ জুলাই, ২০২৬, ১২:১১:৫০

53
  • সংগৃহীত

বরিশাল: বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের একাংশ শিক্ষার্থীর টানা আন্দোলন ও বিরোধিতার মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে গত ৫ জুলাই জারি করা প্রজ্ঞাপনে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) ডা. এসএম মনিরুজ্জামান (কোড-১০৯৯২৪)-কে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে বদলিপূর্বক পদায়নের যে অংশ ছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।

তবে পদায়নের আদেশ বাতিলের নির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল ও খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিবসহ মোট ১৪টি দপ্তরে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম।

এর আগে, গত ৫ জুলাই ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। পরদিন ৬ জুলাই তিনি বরিশালে যোগদান করেন।

যোগদানের পরপরই তার পদায়নের বিরোধিতা করে আন্দোলনে নামে ড্যাব এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের একাংশ শিক্ষার্থী। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ডা. মনিরুজ্জামান শাহীন পূর্বে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক থাকাকালে জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং একটি শান্তি সমাবেশে অংশ নিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদ থেকে অপসারণের দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করেন।

আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীরা স্বাস্থ্য ভবনে গিয়ে ডা. মনিরুজ্জামান শাহীনকে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন এবং বিভাগীয় পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে তার পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।

রোববারও আন্দোলনকারীরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং অপসারণের দাবিতে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করেন। একই দিন মন্ত্রণালয় থেকে তার পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি হয়।

তবে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগ সম্পর্কে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ও পদায়ন বাতিলের পেছনের নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers